কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এই সংঘর্ষ ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল খায়ের মেম্বার ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। উভয় পক্ষের নেতাই ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
ঘটনার তথ্য নিশ্চিত করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) রাশেদুল হক চৌধুরী জানান, সংঘর্ষে গুলিতে দু’জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে একজন হলেন সাবেক ইউপি সদস্য সালেহ আহম্মদ মেম্বার (৬৫)। অপর নিহত ব্যক্তি আলীয়ারা গ্রামের বাসিন্দা আবুল খায়েরের ছেলে দেলোয়ার হোসেন নয়ন (৩০)। তবে আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রশীদ ভূঁইয়া জানান, গত বছরের ৩ আগস্ট সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনার পর থেকেই এলাকায় একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। স্থানীয়ভাবে কয়েক দফা সমঝোতার চেষ্টা করা হলেও বিরোধ পুরোপুরি নিরসন হয়নি।
তিনি আরও বলেন, ‘গত চারদিন ধরে বিবদমান দুই পক্ষের সঙ্গে বৈঠক করে আসছি। আজ সকালেও উভয় পক্ষের লোকজনকে ফোন করে সংঘাতে না জড়াতে অনুরোধ করেছি। কিন্তু তারা সেই অনুরোধ মানেনি। এরই জেরে দুপুরে আবার রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।’
-পতাকানিউজ

