মধ্যপ্রাচ্যের কুয়েতে ভেজাল মদ্যপানের কারণে অন্তত ১০ প্রবাসীর মৃত্যু ঘটেছে। আহত আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই তথ্য বুধবার কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস অনলাইনে প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের দক্ষিণাঞ্চলীয় আল-আহমাদি গভর্নরেট এলাকায় নিহতরা প্রবাসী শ্রমিক। স্থানীয় নিরাপত্তা সূত্র জানায়, প্রাথমিক তদন্তে ভেজাল মদ্যপানের কারণে এই প্রাণহানির সম্ভাবনা উজ্জ্বল মনে হচ্ছে। নিহত প্রবাসীরা জলিব আল শুয়ুখ ব্লক ৪ থেকে মদ কিনেছিলেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, মৃতরা সবাই প্রবাসী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তবে তারা কোন দেশের নাগরিক, তা এখনও জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
সংবাদে আরও বলা হয়েছে, গত রোববার রাতে অসুস্থ হয়ে পড়া প্রবাসীদের মধ্যে প্রায় ১৫ জনকে ফারওয়ানিয়া ও আদান হাসপাতালে ভর্তি করা হয়, যাদের মধ্যে ১০ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকিরা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পতাকানিউজ/এনটি

