কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিস কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে গেছে। বে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
শনিবার, ২০ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। এসময় অফিস ভবনের পেছনের জানালার কাঁচ ভেঙে আগুন দেয়া হয়। পরে অফিসের নাইট গার্ড ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে খবর পেয়ে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার পর সকাল ১০টায় অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে জরুরি রুদ্ধদ্বার বৈঠকে করেন তিনি।
নিরাপত্তারক্ষী রাজ্জাক বলেন, আমি তখন দোতলায় ছিলাম। ধোঁয়ার গন্ধ পেয়ে নিচে নেমে আগুন দেখি। পরে স্থানীয়দের সহায়তায় পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলি।
জেলা নির্বাচন অফিসের হিসাবরক্ষক মো. আসাদুজ্জামান বলেন, যে কক্ষে আগুন দেয়া হয়েছে সেটি সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুম। এখানে ভোটারদের সমস্ত তথ্য জমা রাখা হয়। আগুন লাগায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।
সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান বলেন, আমাদের জেলা সার্ভার স্টেশন অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, তদন্ত শুরু করা হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনের উৎস নিয়ে তদন্ত চলছে।
পতাকানিউজ/আরবি

