চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীর জীবন রক্ষায় এগিয়ে এলো দেশের অন্যতম ইস্পাত প্রস্তুতকারী শিল্পগ্রুপ কেএসআএম। রোগীদের চিকিৎসাসেবায় প্রায় ২ কোটি টাকার অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম দিয়েছে এ শিল্পগ্রুপ। কেএসআরএমের এমন সহায়তায় রোগীরা উপকৃত হবে বলে জানান সংশ্লিষ্টরা।
শনিবার, ২৭ জুন সকালে চমেক হাসপাতালের সম্মেলন কক্ষে কেএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদ ও চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের কাছে এসব চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন
অনুষ্ঠানে কেএসআরএম কর্তৃপক্ষ প্রায় ২ কোটি টাকা মূল্যের চারটি হিমোডায়ালাইসিস মেশিন, চারটি রিয়েল-টাইম ৪ডি আল্ট্রাসাউন্ড মেশিন ও জিই ব্র্যান্ডের একটি উদ্ভাবনী কালার ডপলার সিস্টেম হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদ বলেন, ২ হাজার ২০০ বেডের চমেক হাসপাতালে যে বাজেট তা অপ্রতুল। তাই অনেক রোগী চিকিৎসা নিতে গিয়ে নিঃস্ব হয়ে যায়। কেএসআরএমের এমন সহায়তা রোগীদের অনেক উপকার হবে। তিনি কেএসআরএমের মতো অন্যান্যা শিল্পগ্রুপকে এগিয়ে আসার আহ্বান জানান।
চমেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, যে কোনো ক্রান্তিকালে শিল্পগ্রুপ কেএসআরএম এগিয়ে আসে সবার আগে। ভরসাস্থল হিসেবে সংকটময় মুহূর্তে আমাদের শরণাপন্ন হতে হয় কেএসআরএমের কাছে। অতিমূল্যবার এসব চিকিৎসা সরঞ্জাম জরুরি মূহুর্তে সংকটাপন্ন রোগীর জীবন বাঁচাবে। রোগীরা কম খরচে উন্নত চিকিৎসাসেবা পাবে। কেএসআরএমের এমন মানবিক সহায়তা হাসপাতালেকে সমৃদ্ধ করেছে।
কেএসআরএমের পক্ষে পরিচালক (বিক্রয় ও বিপণন) জসিম উদ্দিন বলেন, কেএসআরএম পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত চমেক হাসপাতালে মানবিক সহায়তার সহযাত্রী হয়ে। আমাদের নিরলস প্রচেষ্টা মানুষের পাশে থাকা। যে কোনো মানবিক মূল্যবোধ সম্পন্ন কাজে আমাদের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন কেএসআরএমের পরিচালক জসিম উদ্দিন, উপ পরিচালক ডা. ইলিয়াছ চৌধুরী, সহকারী পরিচালক ডা. কাজী সাইফুল আলম, ডা. দেব প্রসাদ চক্রবর্তী, ডা. রুমা ভট্টাচার্য্য, কেএসআরএম উপ মহাব্যবস্থাপক ওয়াহিদুজ্জামান,মোস্তফা আনোয়ার, মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, ব্যবস্থাপক তাজ উদ্দিন, করপোরেট চিকিৎসক ডা. মেজবাহ উদ্দিন, ডা. জুনায়েদ আহমেদ, কেএসআরএম ব্র্যান্ড সমন্বয়ক মনিরুজ্জামান রিয়াদ, মিজান উল হক, মিথুন বড়ুয়া, মিজানুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পতাকানিউজ

