ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চর মীরেরবাগে স্ত্রীকে হত্যার দায়ে মোহাম্মদ মিজানুর রহমান ওরফে মিজান হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এরশাদুল আলম জর্জ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মিজানুর রহমান ভোলার চরফ্যাশন থানার পূর্ব মাদ্রাজ খাঁ বাড়ির মো. শামসুল ইসলাম ও রোসনা বেগমের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, যৌতুকের দাবিতে ২০১৯ সালে স্ত্রী মোসা. রেহানাকে শ্বাসরোধে হত্যার দায়ে মিজানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
রায়ে বলা হয়, আসামির বিরুদ্ধে যৌতুক দাবি এবং যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায়ও স্বীকার করেছেন। এসব বিবেচনায় তাকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে।

রায়ে আরও বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন নিতে হবে। আসামি চাইলে এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
রায় ঘোষণার আগে মিজানকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানাসহ তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৫ জুলাই সকাল ৭টার আগে দক্ষিণ কেরানীগঞ্জের চর মীরেরবাগ এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রী রেহানাকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করেন মিজান।
মামলার এজাহারে বলা হয়, ঘটনার প্রায় ২০ দিন আগে মিজান স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে স্ত্রীকে শারীরিক নির্যাতনও করেন তিনি। পরে রেহানার ভাই বিকাশের মাধ্যমে দুই হাজার টাকা পাঠালেও তার ওপর নির্যাতন অব্যাহত থাকে।
এ ঘটনায় নিহতের ভাই আব্বাস বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ মিজানুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে ট্রাইব্যুনাল ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
পতাকানিউজ/এএ

