জাতীয় দলের জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখতেন ফেনীর তরুণ ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়। বয়সভিত্তিক ক্রিকেটে নিজের প্রতিভার জানান দিয়ে এগিয়ে যাচ্ছিলেন সেই স্বপ্নের পথে। কিন্তু মরণব্যাধি ক্যান্সার কেড়ে নিল তার জীবন, থেমে গেল ক্রিকেটের পথে এগিয়ে চলা। জাতীয় দলের হয়ে মাঠে নামার স্বপ্ন অপূর্ণ রেখেই মাত্র অল্প বয়সে পৃথিবী থেকে বিদায় নিলেন চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের এই ক্রিকেটার। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও ফেনীর ক্রীড়াঙ্গনে।
শনিবার (২৪ অক্টোবর) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। হৃদয়ের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও ফেনীর ক্রীড়াঙ্গনে।
হৃদয় ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামের আবুল কাশেমের একমাত্র ছেলে। পরিবারের বড় সন্তান হৃদয়ের রয়েছে এক ছোট বোন। ক্রিকেটকে ঘিরে তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল পরিবারের সদস্য ও স্থানীয় ক্রীড়াঙ্গনের মানুষের।

হৃদয়ের অসুস্থতার খবর জানার পর তার চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গত ২ জুলাই বিসিবি কার্যালয়ে তার বাবা আবুল কাশেমের হাতে চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই পরিমাণ অর্থ সহায়তা দেয় বিসিবিও। এ ছাড়া ফেনীর স্থানীয় ক্রীড়া সংগঠকেরাও তার চিকিৎসায় আর্থিক সহযোগিতা করেন।
তবে সবার প্রচেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি তরুণ এই ক্রিকেটারকে। শনিবার রাত ৯টায় নিজ গ্রামের মধুয়াই চৌধুরী হাট ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
হৃদয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিসিবির ফেনী জেলা কাউন্সিলর শরিফুল ইসলাম অপু। তিনি বলেন, মেহেদী হাসান হৃদয়ের মৃত্যু জেলা ও দেশের ক্রিকেটের জন্য অপূরণীয় ক্ষতি। তার স্বপ্ন ছিল জাতীয় দলের হয়ে খেলা। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই তাকে চলে যেতে হলো।
জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার স্বপ্ন দেখা হৃদয়ের ক্রিকেটযাত্রা শেষ হলো অসময়ে। তার মৃত্যুতে ফেনীর ক্রিকেটাঙ্গনে তৈরি হয়েছে গভীর শূন্যতা।
পতাকানিউজ/এএএম

