বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরীর বাবা সাবেক বিজিবি সদস্য নিজাম উদ্দিন চৌধুরীর জানাজার নামাজ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর সকাল ১১টায় কাঁঠালতলী ঈদগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় অসুস্থ অবস্থায় তাঁকে সিলেট ওয়েসিস হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৮ বছর।
নিজাম উদ্দিন চৌধুরীর বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলী গ্রামে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, এবাদত হোসেন চৌধুরীর বাবা নিজাম উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। নিয়মিত তাঁর চিকিৎসাও চলছিল। শারীরিকভাবে অনেকটাই সুস্থও ছিলেন তিনি।
কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়িতে তিনি হঠাৎ কিছুটা অসুস্থবোধ করেন। এ সময় তাঁকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সিলেট ওয়েসিস হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে স্ত্রী, ৬ ছেলেমেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বাবাকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী। তিনি বলেন, তাঁর বাবা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তবে তাঁর উন্নত চিকিৎসাও চলছিল। সম্প্রতি তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়।
চিকিৎসকরাও বলেছিলেন, বাবার শারীরিক অবস্থাও ভালো। তিনি বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হঠাৎ অসুস্থতা বোধ করলে আমি নিজেই তাঁকে নিয়ে সিলেটে হাসপাতালে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ পথেই বাবা মৃত্যুর কোলে ঢলে পড়বেন, তা কখনও কল্পনা করিনি। পরে হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’
পতাকানিউজ/এসআই/এসজিএন

