অবশেষে মাঠে গড়িয়েছে খেলা। সব অনিশ্চয়তার অবসান হয়েছে খেলা শুরুর কিছুক্ষণ আগে। ম্যাচ রেফারি হিসেবে মাঠে টস করতে দেখা গেছে, সাবেক জিম্বাবুইয়ান ব্যাটার অ্যান্ডি পাইক্রফটকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ক্ষমা চেয়েছেন পাইক্রফট। তাই মাঠে নেমেছে দল। তবে খেলার শুরুতে পাকিস্তান দলের অবস্থা তেমন ভালো না। সাঈম ও ফারহানকে হারিয়েছে তারা মাত্র তিন ওভারের মধ্যে।
খেলা শুরুর আগে নানা নাটকীয়তা হয়েছে। ১ ঘণ্টা বিলম্বে শুরু হয়েছে ম্যাচ। তার আগে হোটেল ছেড়ে মাঠে আসতেও দেরি করেছে পাকিস্তান ক্রিকেট দল।
ইএসপিএনক্রিকইনফো পিসিবি’র বরাতে জানিয়েছে, রবিবার ভারত পাকিস্তান খেলায় দুই দলের ক্রিকেটারদের হাত মেলাতে নিষেধ করার ঘটনায় বুধবার ম্যাচ শুরুর আগে পাকিস্তান দলের কাছে ক্ষমা চেয়েছে পাইক্রফট।
রাতে বিলম্বিত সময়ে খেলা শুরুর মাত্র কয়েক মিনিট আগে পিসিবি এক বিবৃতিতে জানায়, দলের অধিনায়ক ও ম্যানেজারের কাছে ক্ষমা চেয়েছেন পাইক্রফট। রবিবারের ঘটনাকে ভুল বুঝাবুঝি উল্লেখ করে এজন্য দুঃখ প্রকাশ করেন পাইক্রফট।
পাশাপাশি রবিবারের ঘটনায় কোড অব কনডাক্ট লঙ্ঘন হয়েছে কিনা সে বিষয়ে বিসিবি তদন্ত করার বিষয়ে আইসিসি ইতিবাচক সাড়া দিয়েছে বলেও জানায় পিসিবি। তার আগে ম্যাচ রেফারি পরিবর্তনের দাবিতে নানা নাটকীয়তার মধ্যে আমিরাতের সাথে পাকিস্তানের ম্যাচটি এক ঘণ্টা পিছানোর সিদ্ধান্ত হয়।
বুধবার, ১৭ সেপ্টেম্বর পাকিস্তান ও আরব আমিরাতের মধ্যে খেলা শুরুর কথা ছিল বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। কিন্তু এক ঘণ্টা পিছিয়ে সময় নির্ধারণ করা হয় রাত সাড়ে ৯টায়। অর্থাৎ দুবাইয়ের সময় সন্ধ্যা সাড়ে ৬টার পরিবর্তে খেলা শুরু হয় রাত সাড়ে ৭টায়।
তার আগে পিসিবি প্রধান মহসিন নকভি এ বিষয়ে সাবেক দুই পিসিবি প্রধান রমিজ রাজা ও নাজাম শেঠির সাথে এই বিষয়ে দেখা করে আলোচনা করেন।
ভারতের সাথে ম্যাচে হাত না মেলানোর ঘটনার জেরে বুধবার আমিরাতের সাথে হতে যাওয়া ম্যাচে পাইক্রফটকে দায়িত্বে না রাখার দাবি জানিয়েছিল পিসিবি। আর তা না হলে টুর্নামেন্ট বর্জনের হুমকিও দিয়েছিলেন পিসিবি।
বুধবার দিনের বেলায়, পাকিস্তানের কয়েকটি সংবাদ মাধ্যম জানায়, এশিয়া কাপে পাকিস্তানের বাকি ম্যাচগুলোতে আর দায়িত্ব দেয়া হবে না অ্যান্ডি পাইক্রফটকে।
এর আগে রবিবার এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচ শেষে হাত না মেলানো নিয়ে পানি অনেক দূর গড়ায়। ওই ম্যাচ শেষে পাকিস্তান দলের ম্যানেজার আইসিসির কাছে দেয়া আনুষ্ঠানিক অভিযোগে জানান, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট টসের সময় বলেছিলেন, দুই অধিনায়ককে হাত না মেলাতে। যদি গতকাল আইসিসি জানিয়েছিল, এই অভিযোগের কোন ভিত্তি নেই।
বুধবার সংযুক্ত আরব আমিরাতের সাথে পাকিস্তানের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সুপার ফোরে যেতে হলে এই খেলায় জিততে হবে সালমান আলী আগার দলকে।
পতাকানিউজ/এসজিএন

