খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত থেকে বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
শনিবার, ১১ এপ্রিল বিষয়টি নিশ্চিত করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধীন বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মো. শাহআলম।
তিনি জানান, গত ১০ এপ্রিল রাতে গোপন সংবাদে বিজিবির একটি টহলদল কাঠালতলী যাত্রী ছাউনি এলাকায় অবস্থান নেয়। রাত ৮টায় সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে চারজন সন্দেহভাজন ব্যক্তি যাওয়ার সময় টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা মোটরসাইকেল ফেলে দ্রুত পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৭ দশমিক ৬২ মি.মি. এসএমজির ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একইসঙ্গে ফেলে যাওয়া মোটরসাইকেল দুটি জব্দ করা হয়।
পানছড়ি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস এম ইমরুল কায়েস বলেন, ‘সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।’
পতাকানিউজ/এসআর/আরবি

