খাগড়াছড়ির রামগড় উপজেলায় অনুমতি ছাড়া আবাসিক ভবনে থাকা দুই চীনা নাগরিককে আটক করে হেফাজতে রেখেছে পুলিশ। এসময় তাদের কাছে থাকা ল্যাপটপসহ বিভিন্ন তথ্যপ্রযুক্তির সরঞ্জাম জব্দ করা হয়।
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর রামগড় পৌরসভার বাজার এলাকার একটি ভবনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলেন—জিয়াং ছেংথং ও টেং তংগু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর চট্টগ্রামের কুমিরায় অবস্থিত অবর্না ক্লাসিক নামে একটি অ্যালুমিনিয়াম প্রতিষ্ঠানের ফোরম্যান মো. রোকন উদ্দিনের উদ্যোগে ওই দুই চীনা নাগরিক রামগড় আসেন। এরপর কোনো কাগজপত্র ছাড়া ৩০ হাজার টাকা অগ্রীম দিয়ে বাসা ভাড়া নেন। ভবন মালিককে তারা জানান, ইলেকট্রনিক্স পণ্যের আমদানি–রপ্তানি সংক্রান্ত কাজে তারা এখানে অবস্থান করবেন।
রামগড় থানার ওসি মোহাম্মদ মাঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়দের তথ্যে দুই বিদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে বিদেশিদের প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি বাধ্যতামূলক হলেও তাদের কাছে কোনো নথি নেই।’
ওসি আরও বলেন, জব্দ করা প্রযুক্তিগত সরঞ্জাম যাচাই–বাছাইয়ের জন্য বিটিআরসি’র সহযোগিতা চাওয়া হয়েছে।’
পতাকানিউজ/এসআর/আরবি

