যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) নিহতের ঘটনায় কঠোর প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফারসে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং আমরা তার জন্য শোকাহত।’ সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসী ও মানবতার হত্যাকারীদের হাতে খামেনির শাহাদাত বরণের ঘটনা এটাই প্রমাণ করে, এ মহান নেতার বৈধতা এবং তার আন্তরিক সেবাগুলো স্বীকৃত।’
বিবৃতিতে আরও বলা হয়, খুনিদের কঠোর, নির্ণায়ক ও অনুশোচনামূলক শাস্তি দিতে ইরানি জাতির ‘প্রতিশোধের হাত’ তাদের ছাড়বে না।
সামরিক ঘাঁটি এবং ইসরায়েলে নজিরবিহীন হামলার অঙ্গীকার ও দেশি ও বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় আইআরজিসি অটল থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে খামেনির মৃত্যুতে ইরানে আগামী ৪০ দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং আজ থেকে টানা ৭ দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
পতাকানিউজ/আরবি

