ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
শুক্রবার, ২৮ নভেম্বর জুমার নামাজ শেষে নয়াপল্টনে আয়োজিত খালেদা জিয়ার রোগমুক্তি কামনার দোয়া মাহফিল শেষে ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।
তিনি বলেন, ‘গতকাল (২৭ নভেম্বর) রাতে ডাক্তাররা বলেছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। এ কারণে আমরা দলের পক্ষ থেকে গণতন্ত্রের এই নেত্রীর রোগমুক্তির জন্য সারাদেশের জনগণের কাছে এবং মসজিদে মসজিদে বাদ জুমা দোয়ার আহ্বান জানিয়েছিলাম। সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে নয়া পল্টনের মসজিদে নামাজ আদায় করে আমরা সবাই দেশনেত্রীর রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ তালার কাছে দোয়া চেয়েছি।’
তিনি বলেন, ‘আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন। তিনি যেন সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে দেশের মানুষের কাজ করার সুযোগ পান। আমরা আবারও দেশের মানুষের কাছে তার রোগমুক্তির জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি। সবাই ম্যাডামের জন্য দোয়া করবেন।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এর আগে রবিবার, ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য ৭৯ বছর বয়সী খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় বুকে ‘সংক্রমণ’ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
পতাকানিউজ/আরবি

