আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে মনোনয়ন ফরম নিলেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর দুপুর ১টায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিসারের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিমের কাছে থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এসময় সাংবাদিকদের গোলাম রব্বানী বলেন, ‘দেশবাসী দীর্ঘদিন ধরে সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে জর্জরিত। জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত সমাজ গঠন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করেছে। এ আসনের জনগণ যদি আমাকে দায়িত্ব দেন, তবে আমি জনগণের আমানত রক্ষায় আপসহীনভাবে কাজ করবো।’
এতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ, শাজাহানপুর উপজেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, গাবতলী উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলী, শাজাহানপুর উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম ও জেলা ইউনিট সদস্য আজাদুর রহমান।
পতাকানিউজ/পিএম/আরবি

