সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে বগুড়া জেলা ছাত্রদল।
শনিবার, ১৫ আগস্ট বাদ জোহর শহরের মফিজ পাগলার মোড় এলাকার মসজিদে বাইতুল্লাহ ও ইসলামিক সেন্টারে এ আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, মরহুম আরাফাত রহমান কোকোসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
দোয়া মাহফিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন বক্তারা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম।
কর্মসূচিতে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের নেতৃত্বে ২৮টি ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন।
পতাকানিউজ/পিএম/আরবি

