রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনাও জানিয়েছেন তিনি।
আজ শনিবার (২৯ নভেম্বর) পাঠানো এক বার্তায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করেন এবং সবার কাছে দোয়া চেয়ে বলেন, প্রয়োজনীয় চিকিৎসা যেন বিনা বাধায় অব্যাহত থাকে।
রাষ্ট্রপতি নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। এছাড়া চিকিৎসার ক্ষেত্রে কোনো ঘাটতি না থাকে সেই বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন।
বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন।
সরকার প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পতাকানিউজ/এনটি

