আপসহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের ঢল নেমেছে। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে আসা মানুষের চাপ সামাল দিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশপথ খুলে দেওয়া হয়েছে।
বুধবার, ৩১ ডিসেম্বর সকাল সোয়া ১০টার পর জিয়া উদ্যানসংলগ্ন সংসদের দক্ষিণ প্লাজার গেট খুলে দেওয়া হয়। গেট খোলার পরপরই বিপুলসংখ্যক মানুষ দক্ষিণ প্লাজা এলাকায় প্রবেশ করেন। জানাজার জন্য দক্ষিণ প্লাজার দুটি বড় মাঠ উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে শোকার্ত মানুষের ভিড় দেখা যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষ জানাজায় অংশ নিতে ছুটে আসেন। অনেকের চোখে মুখে প্রিয় নেত্রীকে হারানোর গভীর বেদনা।
নরসিংদী থেকে আসা আমির হোসেন বলেন, ‘বাড়িতে থাকতে পারিনি। নিজের খরচে ঢাকায় এসেছি। প্রিয় নেত্রীর জানাজায় অংশ নেওয়াই ছিল আমার একমাত্র চাওয়া।’
নারায়ণগঞ্জ থেকে আসা ফারুক আহমেদ ও শ্যামল কুমার বলেন, ‘এমন দেশপ্রেমিক ও সাহসী নেত্রী ইতিহাসে আর আসবেন কি না জানি না। শেষ বিদায় জানাতে তাই চলে এসেছি।’
বুধবার দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার রাতে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
জানাজা ও দাফন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
পতাকানিউজ/এআই

