সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজার ইমামতি কে করবেন, তা চূড়ান্ত হয়েছে।
আগামীকাল বুধবার, ৩১ ডিসেম্বর দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর দুপুরে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে খালেদা জিয়ার শেষ বিদায়ের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়।
মির্জা ফখরুল বলেন, জানাজা শেষে রাজধানীর শেরেবাংলা নগরে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে। গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করা এই নেত্রীর জানাজা ও দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানাজা ও দাফন অনুষ্ঠানে নেতাকর্মীদের শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। এই শোককে শক্তিতে রূপান্তর করে সামনে এগিয়ে যেতে হবে। জানাজা ও দাফনের পুরো আনুষ্ঠানিকতা সঞ্চালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এরই মধ্যে সংসদ ভবন প্রাঙ্গণ ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় জানাজার প্রস্তুতি শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকার জানায়, সাবেক এই প্রধানমন্ত্রীর শেষ বিদায় যথাযথ মর্যাদায় সম্পন্ন করতে প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জানাজায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছে বিএনপির শীর্ষ নেতৃত্ব।
এর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া সাত দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
পতাকানিউজ/এআই

