বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার, ৩১ ডিসেম্বর বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানান। তিনি বলেন, দাফন সম্পন্ন হবে সাবেক রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের কবরের পাশেই।
আইন উপদেষ্টা জানান, মন্ত্রিপরিষদ সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জানাজা ও দাফন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে। সভায় উপদেষ্টারা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণও করেন। এ সময় উল্লেখ করা হয়, সর্বশেষ সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর দীর্ঘ সময় কথা হয়েছিল।
আসিফ নজরুল বলেন, ‘জাতির এই বিশেষ সময়ে খালেদা জিয়ার উপস্থিতি অত্যন্ত প্রয়োজন ছিল। বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে তাঁর অবস্থান অক্ষয় ও অবিনশ্বর হয়ে থাকবে।’ তিনি জানাজা শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার. ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি, শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বুধবার সারাদেশে সাধারণ ছুটি থাকবে।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
পতাকানিউজ/এআই

