সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দক্ষিণ ও পূর্ব এশিয়ার একাধিক রাষ্ট্রপ্রধান ও রাজনৈতিক নেতারা গভীর শোক প্রকাশ করে তাকে বাংলাদেশের প্রবীণ রাজনীতিক, গণতান্ত্রিক রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ এবং আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত নেতা হিসেবে স্মরণ করেছেন।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং তাকে বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিক এবং চীনা জনগণের পুরনো বন্ধু হিসেবে অভিহিত করেছেন।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক শোকবার্তায় লি চিয়াং বলেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ে আমি গভীরভাবে মর্মাহত। চীন সরকারের পক্ষ থেকে আমি বাংলাদেশ সরকার এবং তার পরিবারকে গভীর শোক ও আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি।’
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রবীণ রাজনীতিক এবং চীনা জনগণের পুরনো বন্ধু। তার প্রধানমন্ত্রিত্বকালে চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার সমন্বিত অংশীদারত্ব প্রতিষ্ঠিত হয়, যা দীর্ঘমেয়াদি বন্ধুত্ব, সমতা ও পারস্পরিক মঙ্গলের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি ঘটায়।’
চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তার ভূমিকার প্রশংসা করে লি চিয়াং বলেন, ভবিষ্যতেও দুদেশের জনগণের কল্যাণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।’
নেপাল সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি তার পরিবার, স্বজন ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি বলেন, ‘আজীবন জনসেবার এক গৌরবোজ্জ্বল উত্তরাধিকার রেখে গেছেন বেগম খালেদা জিয়া। দেশের গণতান্ত্রিক যাত্রায় তার নেতৃত্ব একটি ঐতিহাসিক অধ্যায় হিসেবে স্মরণীয় থাকবে।’
নেপাল-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার ভূমিকার কথাও উল্লেখ করে সুশীলা কার্কি বলেন, ‘নেপালের একজন প্রকৃত বন্ধু হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।’
সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত রাশিয়ার দূতাবাসও। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দূতাবাস জানায়, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকাস্থ রাশিয়া দূতাবাস গভীরভাবে শোকাহত।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘সরকারপ্রধান হিসেবে তার তিন মেয়াদে রাশিয়ার সঙ্গে যে আন্তরিক ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় ছিল, সে জন্য তাকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে রাশিয়া।’ তার পরিবার, বন্ধু ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।
এছাড়া, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি শোকাহত।’
তিনি বলেন, ‘দীর্ঘ জনজীবনে তিনি বাংলাদেশের রাজনৈতিক যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’ তার পরিবার, সমর্থক এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান রাহুল গান্ধী।
পতাকানিউজ/কেএস

