সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে বগুড়া। দেশনেত্রীর মৃত্যুর সংবাদে দলীয় নেতাকর্মীরা প্রচণ্ড শীত উপেক্ষা করে ঘরের বাইরে চলে আসেন। সকালে খবরটি নিশ্চিত হতে হোটেল-রেস্তরাঁসহ বিভিন্ন এলাকায় টেলিভিশনের সামনে দাঁড়ান তারা। এসময় কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। অনেক নেতাকর্মী বেগম জিয়ার জানাজা ও দাফনে অংশ নিতে ঢাকায় রওনা দিয়েছেন।
বগুড়া-২ (শিবগঞ্জ) থেকে দ্রুত ঢাকার এভারকেয়ার হাসপাতালে ছুটে গেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম। এ সময় তার সঙ্গে ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব এবং উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান।
দলীয় কার্যালয় থেকে শুরু করে অলিগলি, চায়ের দোকান, পুরনো ভোটকেন্দ্র—সবখানেই এক ধরনের ভারী আবহ। কোথাও কোনো স্লোগান নেই, নেই রাজনৈতিক উত্তেজনা। শুধু স্মৃতিচারণ আর দীর্ঘশ্বাস। যে শহর বারবার ভোটের মাধ্যমে নিজের ভালোবাসা প্রকাশ করেছে, সেই শহরই আজ তার বধূ, তার নেত্রী, তার ইতিহাসের একটি অধ্যায়কে হারিয়ে শোকে স্তব্ধ।
খালেদা জিয়ার মৃত্যুতে শোক কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও সবাই কালোব্যাজ ধারণ করেছেন। মঙ্গলবার, ৩০ ডিসেম্বর বাদ জোহর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
খালেদা জিয়ার শ্বশুরবাড়ি বগুড়ায়। এই তথ্যটি তাঁর রাজনৈতিক জীবনে কেবল আনুষ্ঠানিক পরিচয় ছিল না, সময়ের সঙ্গে সেটি হয়ে ওঠে আবেগের জায়গা। বগুড়ার মানুষ তাঁকে দেখেছে ঘরের বধূ হিসেবে, আবার দেখেছে দেশের নেতৃত্বে থাকা একজন দৃঢ়চেতা রাজনীতিক হিসেবে।
খালেদা জিয়া বগুড়া-৬ ও বগুড়া-৭ আসন থেকে একাধিকবার সংসদ নির্বাচনে অংশ নিয়ে রেকর্ড ভোটে জয়লাভ করেন। প্রতিবারই তাঁর ভোটের ব্যবধান ছিল চোখে পড়ার মতো। নির্বাচনী রাজনীতিতে এমন ধারাবাহিক জয় খুব কম নেতার ক্ষেত্রেই দেখা গেছে।
শহরের প্রবীণ ভোটার মোফাজ্জল হোসেন বলেন, ভোট দিতে গেলে মনে হতো, নিজের মানুষকে ভোট দিচ্ছি। উনি আমাদের শহরকে কখনো ভুলে যাননি।
১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর খালেদা জিয়া ছিলেন একজন নিভৃতচারী গৃহবধূ। রাজনীতিতে সক্রিয় কোনো ভূমিকা তখন তাঁর ছিল না। কিন্তু সময় তাঁকে টেনে নিয়ে আসে কঠিন এক বাস্তবতার মুখোমুখি। স্বামী হারানোর বেদনার মধ্যেই তাঁকে ধরতে হয় একটি ভঙ্গুর রাজনৈতিক দলের হাল।
সেই শুরু। সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে টানা আন্দোলন, রাজপথের সংগ্রাম, দলকে ঐক্যবদ্ধ রাখার কঠিন দায়িত্ব সবকিছু সামলে তিনি হয়ে ওঠেন একটি রাজনৈতিক শক্তির প্রতীক। আপোসহীন অবস্থানের কারণে তিনি পরিচিত হন ‘আপোসহীন নেত্রী’ হিসেবে।
১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবেও ইতিহাসে নাম লেখান। এই দীর্ঘ রাজনৈতিক পথচলায় বগুড়া ছিল তাঁর নির্ভরতার জায়গা এবং একটি নিরাপদ ভোটব্যাংক।
শোক শুধু দলীয় গণ্ডিতে সীমাবদ্ধ নেই। রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত নন এমন অনেক মানুষও এই মৃত্যুতে আবেগাপ্লুত। চা-দোকানি সেকেন্দার আলী বলেন, রাজনীতি বুঝি না। কিন্তু উনি তো ইতিহাস। এই শহর থেকে উঠে গিয়ে দেশের প্রধানমন্ত্রী হওয়া এটা তো গর্বের বিষয়।
বগুড়ার মানুষ এখনো মনে করে সেই নির্বাচনী দিনগুলোর কথা। ভোটের আগে মিছিল, সভা, মানুষের ঢল। খালেদা জিয়া যখন নির্বাচনী প্রচারে বগুড়ায় আসতেন, শহরের চেহারা বদলে যেত। রাস্তার দুই পাশে মানুষ দাঁড়িয়ে থাকত এক ঝলক দেখার জন্য।
স্থানীয় এক সাংবাদিক বলেন, অনেক নেতাকে দেখেছি। কিন্তু খালেদা জিয়ার নির্বাচনী সফরে মানুষের আগ্রহ ছিল আলাদা। সেটা শুধু দলীয় আনুগত্য ছিল না, ছিল ব্যক্তিগত টান।
খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে বিতর্ক, সংঘাত, মামলা সবই এসেছে। ক্ষমতায় থাকা ও না থাকার সময় দুই অবস্থাতেই তাঁকে কঠিন সময় পার করতে হয়েছে। কারাবরণ, অবরুদ্ধ জীবন, যোগাযোগহীনতা এই সবকিছু তাঁর জীবনের অংশ। তবু বগুড়ার মানুষের কাছে তিনি ছিলেন সেই নারী, যিনি সব প্রতিকূলতার মধ্যেও মাথা নত করেননি। যিনি ভোটের রাজনীতিতে কখনো হারেননি। যিনি একটি শহরের নামকে জাতীয় রাজনীতির মানচিত্রে দৃঢ়ভাবে বসিয়ে দিয়েছেন।
খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়া থমকে আছে। এই শহর তাঁকে শুধু ভোট দেয়নি, দিয়েছে পরিচয়। আর আজ সেই শহরই নীরবে বিদায় জানাবে তার বধূকে, তার নেত্রীকে, তার ইতিহাসের এক অনিবার্য অংশকে।
খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বগুড়া জেলা বিএনপি। দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন কান্নায় ভেঙে পড়ে বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) অসুস্থ অবস্থায়ও সবসময় দলের ও দেশের মানুষের খোঁজ নিতেন। বগুড়া জেলা বিএনপি আজ স্তব্ধ। এই অপূরণীয় ক্ষতি কোনোদিন পূরণ হবার নয়।
সকাল থেকেই শহরের নওয়াববাড়ি রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামলে বগুড়ার অভূতপূর্ণ উন্নয়নকাজ হয়েছে। তার হাতে সম্পন্ন হওয়া উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে ৫০০ শয্যার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল, আন্তর্জাতিক মানের বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম, বগুড়া সুইমিং পুল, বগুড়া বিমানবন্দর (বিমান বাহিনীর ফ্লাইং স্কুল), বনানী-মাটিডালি সড়ক সম্প্রসারণ, বগুড়া নার্সিং কলেজ, আবাসিক ও বাণিজ্যিক খাতে গ্যাস সংযোগ অন্যতম। এসব উন্নয়নের ফল বগুড়াবাসী ভোগ করছেন।
পতাকানিউজ/পিএম/কেএস

