রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা গ্রহণের বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (২৯ নভেম্বর) তিনি হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ মনে করেন, দীর্ঘদিনের শারীরিক জটিলতা ও চিকিৎসা–সংক্রান্ত নানা সীমাবদ্ধতার কারণে খালেদা জিয়ার বর্তমান অবস্থা আরও গুরুতর হয়ে উঠেছে। তিনি বলেন, চিকিৎসা প্রক্রিয়ার বিভিন্ন ধাপে যথাযথ সুযোগ না পাওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে বলে তাদের ধারণা।
এনসিপির এই নেতা জানান, দেশের মানুষ বিভিন্ন সময় যেভাবে খালেদা জিয়ার প্রতি সমর্থন ও সহানুভূতি দেখিয়েছেন, সেটিই বর্তমানে তাঁর সবচেয়ে বড় শক্তি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সকলের দোয়া ও চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টায় বিএনপি চেয়ারপারসন শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ভিন্নমতের রাজনীতি পোষণকারী নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছেন। তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন।
বর্তমানে বেগম খালেদা জিয়া বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার ওপর নিয়মিত নজর রাখছেন।
পতাকানিউজ/এনটি

