বাংলাদেশ সফরে এসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তিনি গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান।
সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, ‘ইসহাক দার মূলত খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এবং তাঁর সঙ্গে কুশল বিনিময় করতেই এসেছিলেন।’ তিনি পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খালেদা জিয়াকে শুভেচ্ছাও জানান।
জাহিদ হোসেনের ভাষ্যে, আলাপচারিতায় বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের প্রসঙ্গ উঠে আসে। দুই দেশের মানুষের সম্পর্ক স্বাভাবিক করার প্রয়োজনীয়তা এবং আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।
এ সময় ইসহাক দার খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত জানতে চান। দেশের রাজনীতি নিয়ে তেমন কোনো আলোচনা না হলেও দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রসঙ্গে স্মৃতিচারণ করেন দুজনই। একই সঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ যে একটি ইতিবাচক পরিবেশের দিকে এগোচ্ছে, সে বিষয়ও আলোচনায় স্থান পায়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সাক্ষাৎকালে খালেদা জিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে আলাপ করেন ইসহাক দার। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এবং ঢাকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার।
পতাকানিউজ/এনটি

