চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিখোঁজ হওয়ার ৯ দিন পর ইছামতী খাল থেকে আবু সৈয়দ (৬৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার, ১৭ ডিসেম্বর ভোর ৬টায় খালে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মরদেহের পরিচয় শনাক্ত করে স্বজনরা।
নিহত আবু সৈয়দ উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের আব্দুর রাজ্জাক চৌকিদারের বাড়ির মালেকুজ্জামানের ছেলে। তিনি আনোয়ারা থানার সদর এলাকার কেজি ভবনে ভাড়া বাসায় থাকতেন।
এর আগে গত গত ৯ ডিসেম্বর দুপুরে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন আবু সৈয়দ।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবু সৈয়দ অসুস্থ ছিলেন। গত কয়েকমাস আগে ব্রেইন স্ট্রোক করেন। এরপর থেকে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
নিহতের ছেলে হেলাল উদ্দিন বলেন, ‘গত ৯ ডিসেম্বর দুপুরে বাবা বাসা থেকে বের হয়ে আর ফিরেননি । অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। পরে মা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বাবার পরনে লুঙ্গি ও গলার তাবিজ থেকে মরদেহ শনাক্ত করতে পেরেছি।’
আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মরদেহটি আবু সৈয়দের বলে শনাক্ত করেছেন তার স্বজনরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
পতাকানিউজ/আরবি

