দেশের হয়ে খেলার মাঠে ফিরতে সাকিব আল হাসানের বিষয়গুলো নিয়ে যে আইনগত জটিলতার সৃষ্টি হয়েছিল সেইগুলো সমাধানের জন্য ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবি একসঙ্গে কাজ করছে। খুবই দ্রুততম সময়ের মধ্যে সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে বলে জানিয়েছেন, বিসিবির পরিচালক ও বয়স ভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর।
বুধবার, ৪ মার্চ দুপুরে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬ সালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আসিফ আকবর বলেন, ‘সাকিবের বিষয়টা নিয়ে বিসিবি কাজ করছে। তার ব্যাপারটি এখন বিসিবি হয়ে মন্ত্রণালয়ে পৌঁছেছে। মন্ত্রণালয়ের সঙ্গে বিসিবির লিগ্যাল এইড টিমও কাজ অব্যাহত রেখেছে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এমিউজমেন্ট পার্কসহ তারকা মানের হোটেল তৈরির পরিকল্পনা রয়েছে। তাছাড়া এখানে গ্যালালিসহ অনেকগুলো কাজ বাকি রয়েছে। কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে নিয়মিত খেলা হচ্ছে, তবে বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করার মতো সুযোগ সুবিধা নেই।’
এসময় উপস্থিত ছিলেন বিসিবি গেম ডেভেলপমেন্ট এর অপারেশন হেড কাজী হাবিবুল বাশার সুমন ও নির্বাচক মেহরাব হোসেন অপি।
পতাকানিউজ/এনএ/আরবি

