চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে গুরুতর আহত চবি সমাজতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মামুন মিয়ার খুলি ফ্রিজে রেখে দেয়া হয়েছিল দুমাস আগে। সেই খুলি অবশেষে লাগানো হলো তার মাথায়। শনিবার, ১ নভেম্বর অপারেশনের মাধ্যমে খুলিটি সফলভাবে প্রতিস্থাপন করা হয়। বর্তমানে সুস্থ আছেন মামুন। এতে খুশি সংশ্লিষ্ট চিকিৎসক, হাসপাতাল কর্তৃপক্ষ, স্বজন ও বন্ধু-বান্ধবরা।
একইসঙ্গে চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েমও সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফেরার অপেক্ষায় রয়েছেন। দুজনই চিকিৎসাধীন চট্টগ্রাম নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে।
পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম জানান, মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দুই শিক্ষার্থীকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু আল্লাহর রহমত, চিকিৎসকদের আন্তরিকতা এবং হাসপাতালের সর্বোচ্চ সেবায় তারা দুজনই এখন সুস্থ। মামুনের মাথার খুলি আমরা সফলভাবে প্রতিস্থাপন করেছি। মামুনও স্বাভাবিকভাবে কথা বলছেন।
মামুনের ভাই মাসুদ রানা বলেন, মামুনের সুস্থতার জন্য আমরা সবার কাছে ঋণী। আমার ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চাই।
চলতি বছরের ৩০ আগস্ট শনিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ ঘটনায় চবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন এবং সাবেক প্রক্টর অধ্যাপক ড. তানভীর হায়দার আরিফসহ অন্তত ৫০০ শিক্ষার্থী আহত হন। গ্রামবাসীর মধ্যেও অনেকে আহত হন। আহত শিক্ষার্থীদের চবির ৮টি বাস ও ৯টি অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় । এদের মধ্যে মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হন মামুন মিয়া এবং ইমতিয়াজ আহমেদ সায়েম। প্রথমে তাদেরকে চমেক হাসপাতালে নেয়া হয়। এরপর দ্রুত অস্ত্রোপচারের জন্য ভর্তি করা হয় বেসরকারি পার্কভিউ হাসপাতালে। ওইদিন রাতেই তাদের অস্ত্রোপচার হয়। এর মধ্যে অপারেশনের মাধ্যমে মামুন মিয়ার মাথার খুলি খুলে ফ্রিজ রেখে দেয়া হয়।
চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মু. ইসমাঈল হোসেন জানান, অপারেশনের দুমাস পর মামুনের মাথার খুলি প্রতিস্থাপন করা হলো। এখন মামুন সুস্থ। সায়েমের একটি পা অবশ হয়ে যাওয়ায় তাকে থেরাপি দেয়া হচ্ছে। বর্তমানে সায়েমও সুস্থ। তাকে আরও কিছুদিন থেরাপি দিতে হবে। দুজন স্বাভাবিক কথা বলতে পারছেন। হামলার সময় ধারালো দেশি অস্ত্র দিয়ে মামুনের মাথার পেছনে ব্রেইনের অংশে মারাত্মকভাবে আঘাত করা হয়। অপারেশনের মাধ্যমে তার মাথা থেকে ১৩ টুকরো হাড় বের করা হয়েছিল বলে জানান এ চিকিৎসক।
পতাকানিউজ/এসএইচ/আরবি

