খেলাপীঋণের কারণে কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মনজুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টি–এনসিপি প্রার্থী আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) এর প্রার্থিতা বহাল রাখা হয়েছে।
শনিবার নির্বাচন কমিশনে একে অপরের বিরুদ্ধে দাখিল করা দুইটি আপিল আবেদনের শুনানি শেষে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানির পর বিকেলে আদেশ ঘোষণা করা হয়।
ইসি হাসনাতের আপিল মঞ্জুর করে মুন্সীর প্রার্থিতা বাতিল করেছে। অন্যদিকে মুন্সীর আপিল খারিজ করে আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন-এ হাসনাতের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
মুন্সী তার আপিলে অভিযোগ করেন, হাসনাত মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় তার আয়ের উৎস সঠিকভাবে উল্লেখ করেননি।
অন্যদিকে হাসনাতের আপিলে অভিযোগ ছিল, মুন্সী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল হিসেবে কাজ করা নির্বাচন কমিশন গত শনিবার (১০ জানুয়ারি) আপিল শুনানি শুরু করেছে। ইসি রবিবার (১৮ জানুয়ারি) পর্যন্ত মোট ৬৪৫টি আপিল নিষ্পত্তি করার কথা রয়েছে।
-পতাকানিউজ

