গণভোট নিয়ে যারা সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব (সিনিয়র সচিব) শফিকুল আলম। তিনি বলেন, ‘পুরো পৃথিবীতেই সরকার গণভোট নিয়ে পক্ষ নেয়। কখনও হ্যাঁ এর পক্ষ নেয়, কখনও না।’
শুক্রবার, ১৬ জানুয়ারি সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আখাউড়ায় পৌঁছে তিনি শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.) এর মাজার শরীফ জিয়ারত করেন। এসময় ইউএনও তাপসী রাবেয়া, ওসি জাবেদ-উল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদসহ মাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শফিকুল আলম বলেন, ‘আমরা তো সংস্কারের পক্ষে দেশের অপশাসন দূর করতে হবে। শেখ হাসিনার মতো যেন আর দৈত্য দানব না হয় সেজন্য ‘হ্যাঁ’ দিতে বলছি। চুরি চামারি বন্ধ করতে হলে হ্যাঁ ভোটের পক্ষ নিতে হবে। কারণ আপনারা দেখেছেন যে, তারা (বিগত সরকার) ব্যাংকের টাকা চুরি-চামারি করে চেটে-চেুটে খেয়ে গেছে। এখন এটার দায়িত্ব এসে পড়েছে বর্তমান সরকারের ওপর।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। নির্বাচন খুব ভালোভাবে হবে। গতকালও (বৃহস্পতিবার) কেবিনেট মিটিংয়ে এ নিয়ে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে, কি ধরণের প্রস্তুতি আছে। এবার ফ্রি, ফেয়ার, পিসফুল উৎসবমুখর নির্বাচন হবে। যত ধরনের প্রস্তুতি নেয়া দরকার সেটা করা হয়েছে। নিরাপত্তার প্রস্তুতি শেষ। রিটানিং, পোলিং অফিসারসহ অন্যান্যসহ কার্যক্রমও শেষ। আমরা ওয়েট করছি ভোটের।’
তিনি বলেন, ‘সংস্কারের বিষয়টিই প্যাকেজ আকারে হ্যাঁ ভোটে এসেছে।’
ভোট নিয়ে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার আশঙ্কার বিষয়টি উড়িয়ে শফিকুল আলম বলেন, ‘রুমিন ফারহানার আশঙ্কা অমূলক। আমরা আমাদের কাজ দিয়েই তা প্রমাণ করবো। এ সরকারের কারো প্রতি কোনো পক্ষপাতিত্ব নেই।’
যমুনায় তারেক রহমানের পরিবার নিয়ে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ পারিবারিক সাক্ষাৎ উল্লেখ করে তিনি বলেন, ‘অনেকে বলছেন ডিনার হয়েছে। এটা ডাহা মিথ্যা। এটি ছিল পারিবারিক সৌজন্য সাক্ষাৎ। এখানে আমাদের অফিসিয়াল কেউ ছিল না।’
পতাকানিউজ/বিপিবি/আরবি

