কক্সবাজারে সেন্টমার্টিনের অদূরবর্তী সাগরে ভাসমান অবস্থায় রোহিঙ্গাসহ ৯ জনকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশি একটি বাণিজ্যিক জাহাজ। উদ্ধার হওয়াদের মধ্যে ১ জন নারী ও ৮ জন পুরুষ। এদের মধ্যে ৬ জন রোহিঙ্গা এবং ৩ জন বাংলাদেশি নাগরিক রয়েছে।
রবিবার, ১২ এপ্রিল সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ড কক্সবাজার স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ এপ্রিল ভোররাতে চট্টগ্রাম বন্দর সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশি বাণিজ্যিক জাহাজ এমটি মেঘনা প্রাইড ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর ১ টায় সেন্টমার্টিন উপকূল থেকে আন্দামান দ্বীপপুঞ্জ সংলগ্ন গভীর সাগরে আন্তর্জাতিক জলসীমায় পানির ড্রাম ও কাঠের খন্ড নিয়ে ৯ জন লোককে ভাসতে দেখে জাহাজের ক্রুরা। এসময় ভাসমান এসব লোকজনকে উদ্ধার করে জাহাজটিতে তোলা হয়। পরে শনিবার ভোররাতে জাহাজটি বাংলাদেশি জলসীমায় পৌঁছার পর কোস্ট গার্ডের জাহাজ ক্যাপ্টেন মনসুর আলীর কাছে তাদের হস্তান্তর করা হয়।
উদ্ধার হওয়াদের লোকজনকে কোস্ট গার্ড তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা ও খাদ্য সহায়তাসহ সবধরণের সহায়তা প্রদান করেছে।
এদিকে শনিবার বিকেলে উদ্ধার হওয়া লোকজনকে স্বজনদের কাছে হস্তান্তর ও আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
পতাকানিউজ/এনএ/আরবি

