পটুয়াখালীর বাউফল পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের কাগুজিপুল এলাকায় বিদ্যুতায়িত হয়ে আব্দুল হাকিম (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার, ১৯ সেপ্টেম্বর দুপুর ১টা ৩৯ মিনিটে এ ঘটনা ঘটে। মৃত আব্দুল হাকিম কুড়িগ্রামের বাবর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সুজন পাল জানান, আব্দুল হাকিমসহ ৪ শ্রমিক ওই এলাকার মৃত শাহজাহান বেন্ডারের বাড়িতে একটি আম গাছ কাটছিলেন। এ সময় আব্দুল হাকিম বাড়ির ভিতরে বিদ্যুতের একটি সার্ভিস লাইনের তার হাত দিয়ে সরাতে গিয়ে বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আব্দুল হাকিম দুই সন্তানের জনক। তার বাড়ি কুড়িগ্রাম জেলায় হলেও তিনি বাউফলের বিলবিলাস গ্রামে বিয়ে করেন এবং মদনপুরা ইউনিয়নের সোনামুদ্দিন গ্রামের আদর্শ গুচ্ছ গ্রামে বসবাস করতেন।
এ ব্যাপারে বাউফল থানার ওসি আকতারুজ্জামান বলেন ‘বিষয়টি আমি অবহিত। বিস্তারিত জানার জন্য একজন অফিসারকে হাসপাতালে পাঠানো হয়েছে।’
পতাকানিউজ/এএইচএস/এমওয়াই

