সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাটারি চালিত টমটম গাড়ির স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ করাকে কেন্দ্রকে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। দেড় ঘন্টাব্যাপি এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শনিবার, ২০ ডিসেম্বর সকালে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী ও বাউধরন গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ১৫দিন আগে রানীগঞ্জ পশ্চিম বাজার গাড়ি স্ট্যান্ড কর্তৃক রানীগঞ্জ টু বাউধরন রোডের গাড়ি ভাড়া ৩০ টাকা থেকে ১০ টাকা বাড়িয়ে ৪০ টাকা করা হয়। এ নিয়ে বাউধরন স্বজনশ্রী গ্রামের লোকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। একপর্যায়ে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সদস্য বাউধরন গ্রামের সালেহ উদ্দিন আহমদ গাড়ি ভাড়া পুনরায় ৩০ টাকা নির্ধারণ করেন। এতে উভয় গ্রামের টমটম চালকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে গত শুক্রবার বিকেলে বাউধরন গ্রামের মুজিব মার্কেটের গাড়ি স্ট্যান্ড থেকে স্বজনশ্রী গ্রামের টমটমগুলো বের করে দেয়া হয়। এর জেরে আজ, শনিবার সকালে উভয়গ্রামের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে খাড়ারপার নামক সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেড় ঘণ্টাব্যাপি সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বদরুদ্দোজা বলেন, ৩০জনকে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে ১২ জনকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও কোন পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।;
পতাকানিউজ/এডি/আরবি

