গুজব ও অপতথ্য প্রতিরোধে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি বলেন, জনগণের আস্থা হারালে বিভ্রান্তি ও বিশৃঙ্খলার সুযোগ তৈরি হয়—তাই বিশ্বাসযোগ্যতা ফিরে পেতে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অটল থাকতে হবে।
সোমবার (২৪ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের নিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলে আয়োজিত ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, ইচ্ছাকৃতভাবে গুজব ছড়ানো এখন বড় সমস্যায় পরিণত হয়েছে, আর বিগত ১৫ বছরে অপতথ্যের বিস্তার আরও বেড়েছে। ভূমিকম্পসংক্রান্ত সাম্প্রতিক সংবাদে কিছু গণমাধ্যম জনসচেতনতা তৈরির বদলে আতঙ্ক সৃষ্টি করেছে—এ বিষয়টি তিনি দুঃখজনক বলে মন্তব্য করেন।
তিনি বলেন, গণমাধ্যমে আস্থার সংকট তৈরি হলে যে কেউ যেকোনো তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণমাধ্যমের আরও দায়িত্বশীল আচরণ কাম্য।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের কার্যক্রম তুলে ধরে তিনি জানান, এটি একটি আধা-বিচারিক প্রতিষ্ঠান। পূর্ববর্তী সরকার একে নিষ্ক্রিয় অবস্থায় রেখেছিল, কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার পুনরায় এটিকে সক্রিয় করতে উদ্যোগ নিয়েছে। সাংবাদিকদের ন্যায়সঙ্গত অধিকার রক্ষায় প্রেস কাউন্সিলকে আরও কার্যকরভাবে এগিয়ে আসার পরামর্শ দেন তিনি।
বিচারপতি এ. কে. এম. আব্দুল হাকিমের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। বক্তব্য দেন দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক শামসুল হক জাহিদ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন। কর্মশালায় ৫০ জন সাংবাদিক অংশ নেন এবং শেষে তাঁদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
পতাকানিউজ/এনটি

