গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রস্তাবিত আইনে গুমের মতো অপরাধের জন্য মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
বৃহস্পতিবার, ৬ নভেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে অধ্যাদেশটির খসড়া ছাড়াও ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।
এর আগে অধ্যাদেশটির খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। বৃহস্পতিবারের বৈঠকে তা চূড়ান্ত অনুমোদন পায়। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহকারী সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
পতাকানিউজ/এআই

