ফেনীতে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার গুম হওয়া ব্যাক্তিদের ফিরিয়ে দেয়ার দাবিতে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অধিকার।
বুধবার, ৮ এপ্রিল দুপুরে ফেনী প্রেসক্লাবে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুর রহিম।
অধিকার ফেনীর ফোকাল পার্সন নাজমুল হক শামীমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গুম হওয়া রিপনের মা রওশন আরা বেগম।
এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মহিউদ্দিন খোন্দকার, সাংবাদিক এম মামুনুর রশীদ, এন এন জীবন, শাহজালাল ভূঞা, জেলা জাসসের সভাপতি কাজী ইকবাল আহমেদ পরান, একতা মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রোকেয়া ইসলাম ও গুম হওয়া রিপনের ভাই মাহফুজুর রহমান।
সভায় বক্তারা বলেন, ‘জাতীয় সংসদের বিশেষ কমিটির গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের এ প্রক্রিয়ার ব্যাপারে অধিকার তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি। বিগত জাতীয় সংসদ নির্বাচনে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে অংশ নিয়ে ৬৮ শতাংশ ভোটার হ্যাঁ ভোট দেন। জনগণের বিপুল রায়কে জাতীয় সংসদের বিশেষ কমিটির সরকার দলীয় সদস্যরা বিরোধী দলীয় সংসদ সদস্যদের দাখিল করা নোট অব ডিসেন্ট অগ্রাহ্য করে বাতিলের সুপারিশ করেছেন।’
অধিকার স্মরণ করিয়ে দিয়ে বক্তারা আরও বলেন, ‘ফ্যাসিবাদী হাসিনার দীর্ঘ শাসনামলে দেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দলীয়করণের মাধ্যমে আজ্ঞাবহ প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হয়েছিল। যার ফলে বিরোধীদলের নেতাকর্মী, ভিন্নমতাবলম্বী, সাধারণ নাগরিকরা বিচারিক হয়রানি, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গণগ্রেফতার ও নির্যাতনসহ বিভিন্ন ধরনের নিপীড়ণের শিকার হয়েছিলেন। সে সময়ে বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের এবং ভিন্নমতাবলম্বীদের ওপর ব্যাপক নিপীড়ন চললেও হাসিনা সরকারের আজ্ঞাবহ জাতীয় মানবাধিকার কমিশন এ ব্যাপারে তখন নিশ্চুপ ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করে অধ্যাদেশ জারি করা হয়।’
পতাকানিউজ/এএএম/আরবি

