কক্সবাজারের পেকুয়ায় গোয়ালঘর থেকে গরু চুরি করে পাহাড়ে নিয়ে জবাই করেছে চোরেরা। পরে গরুর মাংস নিয়ে গেলেও পাহাড়ে ফেলে যায় শুধু মাথা। সকালে গরু না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পাহাড়ে জবাই করা গরুর মাথা পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়েন মালিকের স্বজনরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) ভোরে উপজেলার টইটং ইউনিয়নের জুমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে গোয়ালঘরে বাঁধা ছিল গরুটি। ভোরে চোরেরা গোয়ালঘর থেকে গরুটি চুরি করে নিয়ে যায়। পরে সেটি পাহাড়ি এলাকায় নিয়ে জবাই করে মাংস নিয়ে পালিয়ে যায়। সকালে গরু না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাহাড়ে গরুটির কাটা মাথা পড়ে থাকতে দেখেন তারা।
গরুর মালিক জানান, প্রায় আট মাস আগে ১ লাখ টাকা দিয়ে গরুটি কিনেছিলেন। বর্তমানে গরুটির আনুমানিক মূল্য ছিল ২ লাখ টাকা। সকালে গরু চুরির বিষয়টি জানতে পারেন। পরে পাহাড়ে গিয়ে গরুটির কাটা মাথা পড়ে থাকতে দেখেন। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন।

পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণন জানান, গরু চুরির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পতাকানিউজ/এমজেসি/এমএম

