গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কার্যক্রম নিষিদ্ধ সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম মারা গেছেন।
বুধবার, ২৪ জুন সকাল ৭টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নুরুল আলমের মৃত্যুসনদে শ্বাসকষ্টজনিত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালে সাতকানিয়া থানার বিস্ফোরক আইনের একটি মামলায় মঙ্গলবার, ২৩ জুন নুরুল আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, মঙ্গলবার বিকেলে বিস্ফোরক আইনের একটি মামলায় নুরুল আলমকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কারাগারে আসার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
জেল সুপার আরও জানান, আজ সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল সাড়ে ৭টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে চমেক হাসপাতালে যুবলীগ নেতা নুরুল আলমের মৃত্যুর ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলার বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।
পতাকানিউজ/আরবি

