গাজীপুরে এক বাড়ি থেকে ছেলে ও রেললাইনের পাশ থেকে বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার, ২৬ এপ্রিল ভোরে টঙ্গীর বনমালা এলাকা থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন–টঙ্গীর বনমালা এলাকার বাসিন্দা মো. সোহেল হোসেন ও তার ছোট ছেলে সাকিব হোসেন। সাকিব উত্তরা এলাকার একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল হোসেন বাড়িতে দুই ছেলেকে নিয়ে বসবাস করতেন। শনিবার মধ্যরাতে নিজ ঘরে সাকিব হোসেনের মুখে কাপড় গুঁজে দেওয়া অবস্থায় মরদেহ পাওয়া যায়। সোহেল হোসেনের মরদেহ বনমালা রেললাইনের পাশে পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।
এদিকে এ ঘটনায় পুলিশ সোহেল হোসেনের বড় ছেলে মো. সোহানকে হেফাজতে নিয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানান, বনমালা এলাকায় নিজ ঘরে খুন হয়েছেন কলেজছাত্র সাকিব হোসেন। রেললাইনের পাশ থেকে তার বাবার মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।
ওসি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত সোহেল হোসেনের বড় ছেলে সোহানকে জন্য হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
পতাকানিউজ/আরবি

