রাজধানীর চকবাজার থানায় দায়ের করা নাশকতার মামলায় দণ্ডপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চকবাজার থানার যুবদল নেতা আজিজুর রহমান সজিবকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার নথি অনুযায়ী, ২২ মাসের কারাদণ্ডপ্রাপ্ত সজিব আপিল করার স্বার্থে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। তবে শুনানি শেষে আদালত তার আবেদন খারিজ করে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সজিবের আইনজীবী মো. রফিকুল ইসলাম খান।
চকবাজার থানায় ২০১৮ সালে নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। এরপর আদালত আজিজুর রহমান সজিবসহ অন্যান্য আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
পাঁচ বছর পর, ২০২৩ সালের নভেম্বরে ঢাকার একটি আদালত এই মামলায় আজিজুর রহমান সজিবকে ২২ মাসের কারাদণ্ড দেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের আগের মেয়াদে আজিজুর রহমান সজিবের বিরুদ্ধে অন্তত ১৮টি নাশকতার মামলা দায়ের করা হয়েছিল। সে সময় তিনি একাধিকবার গ্রেপ্তার হয়ে দীর্ঘ সময় কারাভোগ করেন।
পতাকানিউজ/এনটি

