কক্সবাজারের চকরিয়ায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুটে নিয়েছে মুখোশধারী ডাকাতদল। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তাসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন।
রবিবার (১ নভেম্বর) ভোররাত ৪টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার মৃত ফকির চাঁদ দে’র ছেলে নারায়ণ কান্তি দে’র (৪৫) বাড়িতে ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী সশস্ত্র ডাকাতদল দরজা ভেঙে প্রবেশ করে।
ভুক্তভোগী নারায়ণ কান্তি দে জানান, ডাকাতরা ঘরে ঢুকেই পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় বাধা দিতে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি নিজে, তার বড় ভাই বাঁশি মোহন দে (৪৮) এবং ভাতিজা প্রশান্ত দে (১৯) গুরুতর আহত হন।
তিনি আরও জানান, ডাকাতরা ঘরের আলমারি ও ওয়ারড্রব ভেঙে ৩ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে রবিবার দুপুরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেন এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য নেন।
বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জমান বলেন, ইউনিয়নের সনাতন পল্লিতে এমন ডাকাতি ও হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে প্রশাসনের প্রতি দাবি জানান তিনি। ভুক্তভোগী পরিবারের পাশে থাকার পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদারে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান চেয়ারম্যান।
চকরিয়া থানার ওসি আরিফুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে। ডাকাতদের শনাক্ত করা, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে।

