কক্সবাজারের চকরিয়ায় দুইটি মাইক্রোবাসসহ আন্তঃজেলা ডাকাতদলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার, ৭ নভেম্বর মধ্যরাতে চকরিয়া পৌরসভাস্থ সাব-রেজিস্ট্রেট কার্যালয়ের পেছনের এলাকায় অভিযান চালানো হয় বলে জানান চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার।
গ্রেপ্তারকৃতরা হলেন, চকরিয়ার সাহারবিল ইউনিয়নের চৌঁয়ারফাঁড়ি এলাকার মৃত কালু মিয়ার ছেলে মো. সেলিম (৩৫) ও কোরালখালী এলাকার নুরুল আমিন ওরফে নুরুর ছেলে আব্দুল্লাহ আল মামুন ওরফে শাহীন ওরফে সাজ্জাদ (২১), পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া এলাকার মৃত আলী আহম্মদের ছেলে নাছির উদ্দিন (৪৫) এবং পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি এলাকার আকতার আহম্মদের ছেলে তৌহিদুল ইসলাম (২৪)।
তৌহিদুল আনোয়ার বলেন, ‘মধ্যরাতে চকরিয়া পৌরসভার সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন এলাকায় কতিপয় দুর্বৃত্ত অপরাধ সংঘটনের উদ্দ্যেশে মাইক্রোবাসসহ অবস্থানের খবর পায় পুলিশ। পরে পুলিশ সেখানে অভিযান চালায়। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬/৭ জন সন্দেহজনক লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লালি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে বলে জানান ওসি।’
তৌহিদুল জানান, ‘গ্রেপ্তাররা আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। তারা কক্সবাজারসহ বিভিন্ন জেলায় ডাকাতি সংঘটনের সাথে জড়িত। ডাকাতি ও অস্ত্রসহ নানা অপরাধের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।
পতাকানিউজ/এনএ/এএইচ

