কক্সবাজারের চকরিয়ার হারবাংয়ে আশা এনজিও থেকে ঋণের টাকা নিয়ে বের হওয়ার সময় এক নারীর চোখে-মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (৯ অক্টোবর) রাতে হারবাং পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শাখেরা বেগম।
গত ৮ অক্টোবর বেলা ২টা ২৫ মিনিটে হারবাং বাসস্টেশন এলাকার আব্দুস সালাম মার্কেটের দ্বিতীয় তলায় আশা এনজিও কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
শাখেরা বেগম হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর নোনাছড়ি এলাকার বাসিন্দা। তার অভিযোগ, পারিবারিক দেনাপাওনা পরিশোধের জন্য তিনি আশা এনজিওর হারবাং শাখা থেকে সাপ্তাহিক কিস্তিতে পরিশোধের শর্তে ৭৫ হাজার টাকা ঋণ নেন। টাকা নিয়ে কার্যালয় থেকে বের হওয়ার সময় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকেন। একপর্যায়ে কার্যালয়ের সামনে তার চোখে-মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে টাকা নিয়ে পালিয়ে যান তারা।
অভিযোগে শাখেরা বেগম বলেন, হঠাৎ চোখে-মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেওয়ায় তিনি ছিনতাইকারীদের পরিচয় বা বিস্তারিত তথ্য শনাক্ত করতে পারেননি। পরে আশপাশের লোকজনের কাছে সহযোগিতা চান। তবে এখনো ছিনতাই হওয়া টাকা উদ্ধার হয়নি।

শাখেরা বেগমের ছেলে সোহেল রানা বলেন, তাদের অনেক দেনাপাওনা ছিল। সেগুলো পরিশোধের জন্য আশা এনজিও থেকে ৭৫ হাজার টাকা ঋণ নেওয়া হয়েছিল। তার অভিযোগ, মা টাকা নিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গেই দুই ব্যক্তি তাঁর চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে টাকা নিয়ে পালিয়ে যান।
হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পতাকানিউজ/এমএম

