কক্সবাজারের চকরিয়ায় নোহা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন।
রবিবার, ২৮ জুন সকাল সাড়ে ৯টায় চকরিয়া-পেকুয়া- মগনামা আঞ্চলিক সড়কের বরইতলী মোহাজের পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাহবুব রহমান (২৬) বরইতলী ইউনিয়নের মোহাজের পাড়া এলাকার আবুল কালামের ছেলে ও মোহাম্মদ রাসেল (২২) একই এলাকার কামাল উদ্দিনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টায় বরইতলী মোহাজের পাড়া রাস্তার মাথায় মাহবুব ও রাসেল মোটরসাইকেলে সড়ক পারাপারের সময় পেকুয়ার দিক থেকে আসা দ্রুতগামী একটি নোহা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহবুব ঘটনাস্থলেই মারা যান। পরে রাসেলকে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পালিয়ে যাওয়া নোহা গাড়ির চালককে আটকের চেষ্টা চলছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পতাকানিউজ/এমজেসি/আরবি

