কক্সবাজারের চকরিয়ায় শ্যামলী পরিবহনের বাস ও সবজিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিকআপে থাকা আবদুল্লাহ ও মো. ইয়াছিন। আবদুল্লাহ কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে। অন্যদিকে, ইয়াছিন মাতামুহুরী উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকার মো. দুলালের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী শ্যামলী এনআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চকরিয়া থেকে কক্সবাজারগামী সবজিবাহী পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহযোগিতায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ এসআই মো. সেলিম মিয়া বলেন, প্রাথমিক সুরতহালে নিহত দুজনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
পতাকানিউজ/এমজেসি

