গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামের হালিশহর থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সুমন হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শুৃক্রবার রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে সুমন হোসেনকে গ্রেপ্তার করে। পরে তাঁকে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার তাঁর বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির আঙিনা থেকে মাটি খুঁড়ে একটি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
আজ শনিবার সিএমপির মুখপাত্র সহকারী কমিশনার আমিনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশের অস্ত্র অবৈধভাবে হেফাজতে রাখার গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সুমন হোসেনকে ঢাকার শেরেবাংলা নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি একটি পিস্তল নিজের কাছে রাখার কথা স্বীকার করেন।
পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী সিএমপি ডিবি (পশ্চিম)–এর একটি দল লক্ষ্মীপুর সদরের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির আঙিনায় মাটি খুঁড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার করা অস্ত্রটি পুলিশের। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা থেকে ম্যাগাজিনসহ পিস্তলটি লুট করা হয়েছিল। তবে অস্ত্রটি কীভাবে তাঁর কাছে আসে, সে বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি সুমন হোসেন।
এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় সুমন হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পুলিশ বলছে, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পতাকানিউজ/এআই

