চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ঘোষিত ৪৮ ঘণ্টার হরতাল চলছে। রবিবচার, ২৬ জুলাই সকাল থেকে শুরু হওয়া হরতালের কারণে ঢাকা-ফেনী-খাগড়াছড়ি (ফটিকছড়ি অংশ) আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।
ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বাঁশ, ইট ও অন্যান্য প্রতিবন্ধকতা ফেলে যান চলাচল বন্ধ করে দেন তারা। এতে প্রায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্থানে যানবাহন আটকা পড়ে এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এদিকে হরতালের প্রতি সংহতি জানিয়ে অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। ফলে এলাকার বাজারগুলোতে স্বাভাবিক দিনের তুলনায় অনেকটাই নীরবতা দেখা যায়।
উপজেলা বাস্তবায়ন পরিষদের নেতারা জানান, নবগঠিত উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর জনগণের জন্য সুবিধাজনক ও যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন। দীর্ঘদিন ধরে এ দাবিতে আন্দোলন করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি বলে অভিযোগ তাদের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দেন তারা।
হরতালকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে পুলিশের একাধিক টিম মোতায়েন করা হয়েছে।
ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, সকাল থেকে এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
পতাকানিউজ/আরবি

