চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার, ২৮ জুলাই রাত ৩টায় যশোরের ধুমধুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশের একটি দল। ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মো. মুসার ছেলে।
বুধবার, ২৯ জুলাই সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বলেন, ‘পাঁচ সহযোগীসহ সন্ত্রাসী ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা সবাই শুটার।’
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসী ইমন বিদেশে পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে অন্তত বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে। চট্টগ্রামে দুবছর ধরে বেশকিছু চাঁদাবাজি ও হুমকির ঘটনায় তার নাম আলোচনায় আসে।
পুলিশের তথ্য মতে, ইমন ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়া এলাকার জোড়া খুন, একই বছরের ২৩ মে রাতে নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ মোট অন্তত ১৫টি মামলার আসামি।
পুলিশ জানায়, বড় সাজ্জাদের বাহিনীতে অন্তত ৫০ জন শুটার ও সহযোগী সক্রিয়। মোহাম্মদ রায়হান ও ইমন তার হয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছেন। ভুক্তভোগীরা অভিযোগ করলেও তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পতাকানিউজ/আরবি

