চট্টগ্রাম মহানগরীতে একটি বিদেশি ৭.৬৫ মডেলের পিস্তলসহ মো. সাইফুল ইসলাম (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার ১৮ এপ্রিল রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো কামারাবাদ মোড়ের পপুলার মেডিকেল হল ফার্মেসির সামনে বসানো চেকপোস্টে তাকে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার, ১৯ এপ্রিল দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইন্সের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।
তিনি বলেন, শনিবার গোপন সংবাদে বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো কামারাবাদ মোড় এলাকায় ‘পপুলার মেডিকেল হল’ ফার্মেসির সামনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় একটি সিএনজি অটোরিকশাকে (চট্টগ্রাম-থ-১৪৫০২৭) থামিয়ে তল্লাশির সময় গাড়িতে থাকা এক যাত্রী নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ডিবি সদস্যরা তাকে আটক করেন।
পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে তার শরীর তল্লাশির সময় সে নিজেই কোমরে থাকা বিদেশি পিস্তলটি বের করে দেয়। অস্ত্রের গায়ে ইংরেজিতে ‘MADE IN U.S.A., 7.65’ লেখা রয়েছে। এরপর অস্ত্রটি জব্দ করা হয়।
গ্রেপ্তার মো. সাইফুল ইসলাম জিজ্ঞাসাবাদে জানায়, তার বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের চর হেয়ার এলাকায়। বর্তমানে তিনি চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার বিবিরহাট কাঁচাবাজার এলাকার ২ নম্বর গলির ফারুক মিয়ার ভাড়া বাসায় থাকতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. সাইফুল আরও জানায়, অস্ত্রটি নিজের কাছে রেখে সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে চলাচল করছিলেন অটোরিকশায় দিয়ে চালিতাতলী হতে আতুরার ডিপোর দিকে আসছিল। এছাড়া ওই অস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করে থাকে।
পুলিশ জানায়, তিনি চালিতাতলী থেকে আতুরার ডিপো এলাকায় যাচ্ছিলেন এবং অস্ত্র ব্যবহার করে নগরের বিভিন্ন এলাকায় ভয়ভীতি প্রদর্শনের পরিকল্পনা ছিল।
ডিবি জানায়, সাইফুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চুরিসহ পাঁচলাইশ, চকবাজার কোতোয়ালী থানায় মোট পাঁচটি নিয়মিত মামলা রয়েছে।
এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ ।
পতাকানিউজ/আরবি

