চট্টগ্রাম নগরীতে ভোজ্যতেল, জ্বালানিতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে পুরো দেশে নৈরাজ্য সৃষ্টি করা, ভোজ্য তেলের দাম বৃদ্ধির লক্ষ্যে বাজার থেকে ভোজ্যতেল উধাও এর প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অসাধু ব্যবসায়ীদের কারবাজি বন্ধের দাবি জানানো হয়।
শনিবার, ১১ এপ্রিল নগরীর জামালখান এলাকার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন।
তিনি বলেন, সরকারের নিত্যপণ্যের বাজার তদারকির দায়িত্বে নিয়োজিতদের নীরবতায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী আর ৮-১০টি নিত্যপণ্যের ন্যায় ভোজ্যতেল ও জ্বালানি তেল নিয়ে কারসাজিতে লিপ্ত। নানা ছলছাতুরির মাধ্যমে তারা সরকারকে বোকা বানিয়ে নানা বাহনা তুলে মানুষকে জিম্মি করে পকেট কাটছে এবং কৃত্রিম সংকট তৈরি করে জনজীবনকে যুদ্ধাংদেহী পরিস্থিতি তৈরি করেছে। তারা প্রতিনিয়তই এ ধরনের কারসাজির মাধ্যমে অতি মুনাফা করে বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে। এ সরকারের আমলেও আরএকটি গ্রুপ একই কায়দায় অতিমুনাফা করার জন্য দেশব্যাপী ভোজ্যতেল, জ্বালানি তেল মজুদ করে খুচরা বাজারে সংকট তৈরি করেছে। যার কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তিনি আরও বলেন, অক্টেন দেশে উৎপাদিত হলেও পেট্রোল পাম্পের মালিক ও ডিপোর মালিকরা কৃত্রিম সংকট তৈরি করে ডিজেল অকটকেনসহ সব ধরনের জ্বালানি নিয়ে সংকট তৈরির করে সারাদেশে এক অরাজক পরিস্থিতি তৈরি করেছে। জনগণের স্বার্থ বাদ দিয়ে সরকারের জেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার লোকজন এ সমস্ত অসাধু ব্যবসায়ীদের নিরাপত্তা দিয়ে যাচ্ছেন।
ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলেও সরকারকে একটি মহল বিভিন্ন ভুল তথ্য প্রদান করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পরিবর্তে জামাই আদর করতে পরামর্শ প্রদান করছেন। আর ব্য্যবসায়ীরা এ সুযোগে আগের মতো মানুষের পকেট কাটতে বসে আছেন। কিভাবে বিদেশে কোটি কোটি টাকা পাচার করা যায় সে চিন্তায় আছেন।
তিনি বলেন, ক্যাব চট্টগ্রাম অতীতেও ভোক্তাদের অধিকার নিয়ে সোচ্চার ছিলেন, ভবিষ্যতেও যে কোন সংকটে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তিনি অতি দ্রুত বাজার সিন্ডিকেট ভেঙ্গে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরীর সঞ্চালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সদস্য চ্যানেল আই চট্টগ্রামের ব্যুরো চিফ চৌধুরী ফরিদ, সাংবাদিক সিরাজুল মনির ও এম এ হোসেন, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক মো. সেলিম জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ক্যাব সদরঘাটের সভাপতি মো. শাহীন চৌধুরী, ক্যাব মহানগরের সদস্য মিটুল দাস গুপ্ত, পাঁচলাইশের সভাপতি এবিএম হুময়ুন কবির, বন্দরের সভাপতি আলমগীর বাদসা, ক্যাব যুব গ্রুপের সভাপতি আবু হানিফ নোমান, অধিকারের বিভাগীয় সমন্বয়ক ওসমান জাহাঙ্গীর, আইএসডিই বাংলাদেশের ক্যাব কর্মসূচি কর্মকর্তা রাইসুল ইসলাম, যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের আবুদল আওয়াল শাহীন, মামুনুল ইসলাম এবং সালমান রশিদ অভি প্রমুখ।
এছাড়া মানবন্ধনে ক্যাব চট্টগ্রামের বিভিন্ন নেতৃবৃন্দ, যুব ক্যাবসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
পতাকানিউজ

