বন্দর নগরীর চট্টগ্রামে চুরি, ছিনতাই ও ডাকাতি করা মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রি করত একটি সংঘবদ্ধ চক্র। এবার সেই চক্রের ৫ সদস্য ধরা পড়েছে পুলিশের জালে।
এসময় তাদের কাছ থেকে ২৪টি আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৫৭টি মোবাইল ফোন, পাঁচটি ল্যাপটপ, ২০১টি সিমকার্ড, মোবাইল ফোনের ৪৪৫টি কেসিং, মাইক্রোস্কোপ, চার্জার, মাল্টিপ্লাগ, নগদ এক লাখ এক হাজার ৫০০ টাকা এবং আইএমইআই পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার, ২৫ জুন দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারের আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন সিএমপির উপ—কমিশনার (দক্ষিণ) মো.হাবিবুর রহমান।
গ্রেপ্তার হলেন— জাহাঙ্গীর হোসেন প্রকাশ জাহাঙ্গীর মনি (৫২), চক্রের মূলহোতা মুহাম্মদ সোহেল উদ্দিন প্রকাশ পার্টি সোহেল (৩৫) এবং তার সহযোগী আবু সাঈদ (৩৪), মো. শামীম (২৪) ও সাইফুল ইসলাম (১৯)।
মো.হাবিবুর রহমান বলেন, বুধবার অভিযান চালিয়ে প্রথমে জাহাঙ্গীর হোসেন প্রকাশ জাহাঙ্গীর মনিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যে নগরীর নন্দনকানন আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা মুহাম্মদ সোহেল উদ্দিন প্রকাশ পার্টি সোহেল এবং তার সহযোগী আবু সাঈদ, মো.শামীম ও সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, অভিযানে তাদের কাছ থেকে ২৪টি আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৫৭টি মোবাইল ফোন, পাঁচটি ল্যাপটপ, ২০১টি সিমকার্ড, মোবাইল ফোনের ৪৪৫টি কেসিং, মাইক্রোস্কোপ, চার্জার, মাল্টিপ্লাগ, নগদ এক লাখ এক হাজার ৫০০ টাকা এবং আইএমইআই পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন চোর ও ছিনতাইকারী চক্রের কাছ থেকে কম দামে চুরি, ছিনতাই ও ডাকাতি করা মোবাইল ফোন সংগ্রহ করতো।
পরে বিশেষ সফটওয়্যার ও ডিজিটাল ডিভাইস ব্যবহার করে চুরি বা ছিনতাই হওয়া মোবাইলের অবস্থান শনাক্ত করা ঠেকাতেই তারা দ্রুত আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রি করতেন।
এ ঘটনায় কোতোয়ালী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার সোহেল উদ্দিনের বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন থানায় আটটি, জাহাঙ্গীর মনির বিরুদ্ধে চারটি এবং আবু সাঈদের বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় একটি হত্যা মামলা রয়েছে বলে জানান উপ-কমিশনার (দক্ষিণ) মো.হাবিবুর রহমান।
পতাকানিউজ/আরবি

