চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরীতে ২৬ ফেব্রুয়ারি রাতে ঘটে যাওয়া নৃশংস কিশোর গ্যাং হত্যার পলাতক আসামি নাজমুল হুদা (১৯) গ্রেফতার করেছে র্যাব-৭ চট্টগ্রাম ও র্যাব-১৩ রংপুরের যৌথ আভিযানিক দল।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানিয়েছেন,
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৭ এবং র্যাব-১৩ যৌথ অভিযান চালিয়ে নাজমুল হুদা গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টায় তাকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে এনে পাহাড়তলী থানায় সোপর্দ করা হয়।
মামলার এজাহারের তথ্য অনুযায়ী, গত ২৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটের সময় আকাশ দাশ (২৬) ফ্যাক্টরীর সামনের গেইটে সন্ত্রাসীদের নৃশংস হামলার শিকার হন। ঘটনার সময় এক সহকর্মী মাইকেলকে ফ্যাক্টরীর বাইরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আকাশ দাশ তাকে উদ্ধার করেন। এই সময় নাজমুল হুদা এবং তার ১৫-২০ জন সহযোগী পরিকল্পিতভাবে আকাশ দাশকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আকাশ দাশকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আকাশ দাশের বাবা বাবুল দাশ বাদী হয়ে পাহাড়তলী থানায় একটি একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় র্যাব মূল আসামিকে গ্রেপ্তারের অভিযান শুরু করে। শেষে মূল আসামিকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। র্যাব জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য সহযোগীদের ধরার চেষ্টা অব্যাহত আছে।
আকাশ দাশ তার পরিবারের সঙ্গে দক্ষিণ কাট্টলী এলাকায় বাস করতেন। তিনি বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরীতে হেয়ারপার হিসেবে চাকরি করতেন।
-পতাকানিউজ

