চট্টগ্রাম মহানগরীর আমবাগান এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় দুই উপপরিদর্শকসহ (এসআই) ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার, ২৫ জুলাই রাত ৮টায় নগরীর খুলশী থানার আমবাগান রেললাইনসংলগ্ন তরুণ সংঘ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- ডবলমুরিং থানার দেওয়ানহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহসিন উদ্দিন রুবেল ও আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মবিনুল ইসলাম। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, শীর্ষ সন্ত্রাসী ও মাদককারবারি আলমগীরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ডবলমুরিং থানা পুলিশের একটি দল আমবাগান এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে দুষ্কৃতিকারীরা পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এতে দুই এসআইসহ ৭ পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়।
এদিকে একইদিন রাত ১১ টায় সাড়াশি অভিযান চালিয়ে ১৫ মামলার শীর্ষ মাদককারবারি আলমগীরকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ডবলমুরিং থানার ওসি মো. শাহীনূর আলম বলেন, ১৫ মামলার শীর্ষ মাদককারবারি আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
পতাকানিউজ/আরবি

